ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়ায় কারাগারের ৯৪১ জন বন্দির মধ্যে ৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত দুটি ভোটকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নোয়াখালী জেলা কারাগার থেকে মোট ৪৪ জন বন্দির নাম পাঠানো হয়েছিল। এর বিপরীতে ৩৭টি ব্যালট পেপার পাওয়া যায়। তবে মামলার কারণে দুইজন বন্দি বর্তমানে অন্য কারাগারে থাকায় তারা ভোট দিতে পারেননি। ফলে ৩৫ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেন। ভোটগুলো পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
জেল সুপার আরও জানান, ভোটগ্রহণের সুবিধার্থে বন্দিদের সকাল ৮টার আগেই নাস্তা শেষ করে প্রস্তুত থাকতে বলা হয়। এখনো সাতজন বন্দির ব্যালট পেপার পাওয়া যায়নি। সেগুলো হাতে পেলে ভোট গ্রহণ শেষে সেগুলোও পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে মোট ৯৪১ জন বন্দি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।
কর্তৃপক্ষ জানায়, অনেক বন্দিই নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহ দেখাননি। কারণ, একবার পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। এ কারণেই প্রচেষ্টা সত্ত্বেও সীমিতসংখ্যক বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করানো সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন