নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও গ্যাস সংকটের সমাধানই হবে তার অন্যতম প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার গঠন করলে এলাকাভিত্তিক অবৈধ গ্যাস সংযোগগুলোকে বৈধতার আওতায় আনা হবে এবং জনগণের নিত্যদিনের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন, তাহলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ নিয়ে যে ভোগান্তি চলছে, বিএনপি ক্ষমতায় গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।
তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে সবচেয়ে বেশি কষ্ট পোহাচ্ছেন মা–বোনেরা। বিএনপি সরকার গঠন করতে পারলে গ্যাস সমস্যার পাশাপাশি পানির সংকট দূর করা হবে এবং জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার করে সোনারগাঁকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা বাতেন সাহেব, সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীরসহ স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে একই দিন বিকেলে নারায়ণগঞ্জ–৩ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সোনারগাঁ উপজেলার টিপুর্দী এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা জাতির দর্পণ। নির্বাচনকে ঘিরে কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন গুপ্ত সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে।
মতবিনিময় সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন