ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় সম্প্রতি মারামারির ঘটনায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সালথা থানার তদন্ত (ওসি) কেএম মারুফ হাসান রাসেলসহ থানা পুলিশের অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সালথা থানা ওসি বাবলুর রহমান খান বলেন, আপনারা জানেন যে গত ১৪ ফেব্রুয়ারি সালথা থানার খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় স্থানীয় একটা বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দাঙ্গা শুরু হলে তাৎক্ষণিক আমরা এসে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ১৭ ফেব্রুয়ারি যে বাজারকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছিল, সেই বাজারে আজ হাটের দিন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন, তার নিশ্চয়তার জন্য এ এলাকায় আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি এবং যারা দাঙ্গা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করছি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


