চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির দুই ছেলে।
মৃতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করত ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামে তারা। তাদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন, দুই ভাইয়ের মরদেহ পানিতে ভেসে আছে। পরে স্বজনরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।’
তিনি আরও বলেন, ‘আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে পুরো গ্রামজুড়ে।’
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মুজাম্মেল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমানে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠান্ডা পেতে পুকুর বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধির দিকে নজর রাখতে হবে।’
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিষয়টি থানা পুলিশ জেনেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন