চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী (জাবিন চৌধুরী) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাবিন চৌধুরী উপজেলার মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা এবং স্থানীয় রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি লরি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল অব্যাহত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় দায়ী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। পাশাপাশি ভাটিয়ারীসহ সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারেরও দাবি জানান তারা।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ওসি জসিম উদ্দিন জানান, লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-20260409173852.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন