ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিবি সেজে ২ স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, ৪ ডাকাত আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:২১ পিএম
ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নেওয়ার সময় চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বরিশাল ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তোলে। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা দ্রুত আশপাশে খবর ছড়িয়ে দেন।

এদিকে অপহরণকারীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক ধরে পালানোর চেষ্টা করলে ভুক্তভোগীদের স্বজনরা পয়সারহাটের অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে এলাকাবাসী মিলে মাইক্রোবাসটির পথরোধ করে। এ সময় অপহরণকারীরা দিক পরিবর্তন করে মুশরিয়া এলাকায় ঢোকার চেষ্টা করলে দুই দিক থেকে ঘিরে ফেলে তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুশরিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে র‌্যাবের পোশাক, হাতকড়া এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।