কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার (৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী ও হোয়াইক্যং বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে এসব অভিযান চালানো হয়।
এর মধ্যে পালংখালী বিওপির একটি টহলদল উলুবনিয়া মাঝেরকাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই বিওপির আরেকটি দল উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
অন্যদিকে হোয়াইক্যং বিওপির একটি টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধার করা ইয়াবার মোট সিজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার হওয়া মাদক আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানে এ ব্যাটালিয়ন ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন