শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার (খোকন)।
জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১-এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২ জুন এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(খ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার (খোকন) এবং সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য মিস সানজিদা ইসলাম।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লিখিত দুই সংসদ সদস্যকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এদিকে, সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে এমপি খোকন তালুকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

