জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে জিয়াউল হক (৩৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে একশ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকের টাকার জন্য জন্মদাত্রী মাকে নিয়মিত মারধর করত। দীর্ঘদিনের এই মাদকাসক্ত যুবকের অত্যাচারে অতিষ্ঠ ছিল পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী এলাকায় মাদক সেবনের খবর পায় উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় তাকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন