নৈতিক পদস্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বহিস্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও এবং আনুসঙ্গিক অভিযোগের ওপর ভিত্তি করে দলের পক্ষ থেকে একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামীর সকল স্তর থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এলাকায় উল্লাস ও নতুন নির্বাচনের দাবি
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় বহিষ্কারের খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে তার নির্বাচনি এলাকা সাতক্ষীরায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সাধারণ মানুষ। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা অভিমত ব্যক্ত করে বলেন, নৈতিক মানদণ্ড বজায় রাখতে না পারা কোনো ব্যক্তি জাতীয় সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন না। উক্ত আসনে সংসদ সদস্যের যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে অবিলম্বে সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করা এবং নতুন নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন