মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যাদুর্গত একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের কামাল মুন্সির বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি বিভিন্ন সহায়তা দ্রুত নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন. লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমে পরিবারটির দুর্দশার সংবাদ তার নজরে আসে। পরে তার ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ সাজাহান সিরাজ বিষয়টি বিস্তারিত অবহিত করলে তিনি প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
সংসদ সদস্য নাসের রহমান জানান, ইতোমধ্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে পরিবারের তিন সদস্যের সফল চক্ষু অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু বর্তমানে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। পরিবারের দুর্দশা দেখে তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং বাড়িতে যাতায়াতের রাস্তা সংস্কারসহ প্রয়োজনীয় সরকারি সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে দক্ষিণ ইসলামপুরসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েন। একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্য দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের অসহায় অবস্থার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
একই দিনে সংসদ সদস্য নাসের রহমান রাজনগর উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন