মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম শেখ শিমন (২১)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, সন্ধ্যার আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬–১৭ নেতাকর্মী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একই সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর এবং সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা ওই নেতাকর্মীদের ধাওয়া দেন। এ সময় শেখ শিমনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন