ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিএনজি থেকে ৯ হাজার ইয়াবাসহ চালক আটক

জয়দেব (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:০৯ পিএম
আটক জান্নাত উল্লাহ সাঈদ। ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের গোয়েন্দা শাখা। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

আটক হলেন- জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের কথা অস্বীকার করেন। পরে পুলিশের সদস্যরা সিএনজি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করেন। সেখান থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার পর চালক জান্নাত উল্লাহ সাঈদকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ জানান, উপজেলায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি এবং উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।