টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিক্ষয়ের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ বেড়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (বিকেল ৩টার দিকে) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্ট থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমে অবস্থিত একটি স্টিলের সেতুর পশ্চিম পাশের মাটি ধসে গেলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্যকে সরঞ্জামসহ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। অধিনায়কের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রবল বর্ষণ উপেক্ষা করে বিজিবি সদস্যরা বালুভর্তি বস্তা দিয়ে ক্ষয়প্রাপ্ত অংশে অস্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলেন। পাশাপাশি পানির প্রবাহ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। সেতুটিকে সম্পূর্ণ নিরাপদ করতে প্রয়োজনীয় কার্যক্রম এখনো চলমান রয়েছে।
এদিকে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান বিজিবির অন্যতম দায়িত্ব। জনগণের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের জীবন, সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিজিবি নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


