ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জুডিসিয়াল সার্ভিসে রদবদল, ৬ কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নির্ধারিত সময় (ক্যাডারশিপ) পূরণ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন বিচারিক ও প্রশাসনিক পদে পদায়ন ও বদলি করেছে সরকার।

রোববার (১২ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব (সিনিয়র সিভিল জজ) মাকছুদ আলমকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে টাঙ্গাইলে এবং সিনিয়র সহকারী সচিব (সিনিয়র সিভিল জজ) মোহাম্মদ আবু বকরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুরে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী সচিব (সিনিয়র সিভিল জজ) জামালুল ফেরদৌসকে সিনিয়র সিভিল জজ হিসেবে হবিগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সিনিয়র সহকারী সচিব (সিনিয়র সিভিল জজ) মো. মাসুদুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামেলিয়া সিরাজামকে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব এবং খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার মাহমুদকে আইন ও বিচার বিভাগের সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের ন্যূনতম মেয়াদি বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা বর্তমান দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।