ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
আদালত আগামী ১৩ আগস্ট তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ (Aponia) থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা (প্রমোশন) করার কথা থাকলেও তানজিন তিশা মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করা হয়।
বাদীপক্ষের দাবি, নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে হওয়া কথোপকথন পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে তানজিন তিশা নিজের ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
এর আগে ‘অ্যাপোনিয়া’র এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার তিশাকে আইনি নোটিশ পাঠান। নোটিশে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং নারী উদ্যোক্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটির সিআর নম্বর ৯৬২/২০২৫।
মামলাটি আমলে নিয়ে আদালত বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

