ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফু কুওক দ্বীপে নৌকাডুবিতে ১৫ ভারতীয়ের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:১২ পিএম
ছবি : সংগৃহীত

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা উত্তাল সমুদ্রে উল্টে গিয়ে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন।

জানা গেছে, অন থুই বন্দরের উদ্দেশে যাত্রাকালে এনগোয়াই দ্বীপের কাছে নৌকাটি হঠাৎ প্রতিকূল আবহাওয়া ও প্রবল ঢেউয়ের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রীরা সমুদ্রে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ভিয়েতনামের উদ্ধারকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং হো চি মিন সিটিতে ভারতের কনস্যুলেট উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয় হয়েছে। নিখোঁজদের সন্ধানে ভিয়েতনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য বিশেষ কন্ট্রোল রুম ও জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং ভিয়েতনাম সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।