বরগুনার শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব প্রফেসর নূর শাহানা হক নারী শিক্ষা, ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বৃহত্তর পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
দীর্ঘ চার দশকের শিক্ষা ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নারীদের আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান।
প্রফেসর নূর শাহানা হক ১৯৬১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ, তেজগাঁও থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বি.এস.এস (সম্মান) ও এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন তার শিক্ষাজীবনের কৃতিত্বকে বিশেষভাবে উজ্জ্বল করে।
১৯৮৯ সালের ৬ নভেম্বর থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৩০ বছর তিনি বরগুনা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেছেন তিনি।
রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি বরগুনা পৌর বিএনপির সাবেক সদস্য এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচার উপ-কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী এবং দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
প্রফেসর নূর শাহানা হক বলেন, নারীর শিক্ষা, আইনি সচেতনতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে প্রান্তিক নারীদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি জানান, স্থানীয় পর্যায়ে নারীদের জন্য সচেতনতামূলক কর্মশালা, শিক্ষাবৃত্তি সহায়তা, আইনি সহায়তা সেল এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কিশোরী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষা, সমাজসেবা ও রাজনৈতিক আদর্শ, এই তিন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ও সক্রিয় উপস্থিতি প্রফেসর নূর শাহানা হককে বরগুনার একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। নারী উন্নয়নে তার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বরগুনা জেলার সচেতন মহল মনে করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন