বরগুনার আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।
স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে পুলিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ অটোরিকশাটি আমতলী থানা হেফাজতে হয়।
সিএনজি মালিক সমিতির সভাপতি মিল্টন হাওলাদার বলেন, ‘স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি পরিচালনা করছিলাম। কিন্তু রাহাত ফকির এতে বাধা দেয়। এক পর্যায়ে আমাকেসহ দুজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
এসব অভিযোগ প্রত্যাখ্যান করে রাহাত ফকির বলেন, ‘আগে আমি সিএনজি পরিচালনা করতাম। মিল্টন হাওলাদার জোর করে তা দখল করেছে।’
এ বিষয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি অটোরিকশার ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন