সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে একই সঙ্গে ভেসে এলো দুই সামুদ্রিক প্রাণী। এর মধ্যে একটি কচ্ছপ ও একটি ছোট ডলফিন। জোয়ারের পানিতে গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে, এমনটাই ধারণা স্থানীয়দের।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা পর্যটন কেন্দ্র সংলগ্ন বলেশ্বর নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার করার চেষ্টা করলে পচে দুর্গন্ধ হওয়ায় ব্যর্থ হন তারা।
পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য আশরাফুল ইসলাম শাকিল, যুব রেড ক্রিসেন্টের সদস্য সাদমান ও নাইম জানান, ‘আমরা একটি কাজে বলেশ্বর নদীর কাছাকাছি ছিলাম। হঠাৎ রুহিতা গ্রামের এক বৃদ্ধ আমাদের ডলফিন ও কচ্ছপের বিষয়টি জানালে আমরা দ্রুত রুহিতা পর্যটন কেন্দ্রে গিয়ে একটি কচ্ছপ ও একটি ডলফিনের মরদেহ দেখতে পাই। তখন আমরা উদ্ধার করার প্রস্তুতি নিলেও পচে দুর্গন্ধের কারণে পাশে যাওয়া সম্ভব হয়নি।’
পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ‘সমুদ্রে বড় বড় জাহাজের আঘাতে অথবা অন্য কোনো কারণে মারা যেতে পারে।’
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, ‘সমুদ্রের পানি দূষিত হওয়া, জেলেদের জালে পেঁচিয়ে যাওয়ার কারণে প্রাণীগুলো মারা যেতে পারে। এমনকি জেলেদের জালে উঠলে জেলেরা মেরে ভাসিয়েও দিতে পারে। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে সামুদ্রিক প্রাণীর আবাসস্থল দিন দিন ঝুঁকির মুখে পড়ছে।’
এদিকে এ বিষয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।



