ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় লঞ্চ সংকট, যাত্রীদের উপচে পড়া ভিড়

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০২:০৪ পিএম
পর্যাপ্ত লঞ্চ সংকট এবং অবৈধ নৌযানে যাত্রী পারাপার। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ভোলার ইলিশা ঘাট ব্যবহারকারী যাত্রীরা। অতিরিক্ত যাত্রীচাপ, পর্যাপ্ত লঞ্চ সংকট এবং অবৈধ নৌযানে যাত্রী পারাপারের কারণে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে ইলিশা ঘাট এলাকায় দেখা যায়, ঈদ শেষে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে ফিরতে যাত্রীদের উপচে পড়া ভিড়। বড় লঞ্চ ও ফেরির তুলনায় ছোট নৌযানগুলোতে যাত্রীদের চাপ বেশি থাকায় জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।

ঘাট এলাকায় কাঠের ট্রলার, স্পিডবোটসহ বিভিন্ন ছোট নৌযানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী বহন করতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এসব অবৈধ যাত্রী পরিবহন।

যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত লঞ্চ ও বড় জাহাজ না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ নৌযানে উঠতে হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

একাধিক যাত্রী জানান, ‘ঈদে পরিবার নিয়ে বাড়ি এসেছিলাম। এখন কর্মস্থলে ফিরতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে, সামান্য ঝড় বা ঢেউ এলেই বড় বিপদ হতে পারেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাট এলাকায় যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে সুযোগ নিয়ে অনেকেই অবৈধভাবে ট্রলার ও স্পিডবোটে যাত্রী পরিবহন করছেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), জেলা প্রশাসন ও নৌপুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহল বলছে, ঈদের পর যাত্রীচাপ বৃদ্ধি স্বাভাবিক হলেও নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।