বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ভাতিজা একই গ্রামের হাজি হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিলেন। প্রচণ্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক।
সিএনজিটি আদমদীঘির বড় আখিড়া মোড় নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পেছন থেকে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হন।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আদমদীঘি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের আত্মীয়রা মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।



