বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে একটি বাসা থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবু বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার শাহজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে ওই এলাকার জামাল পোদ্দারের ছেলে পোদ্দার গ্রুপের প্রধান শীর্ষ সন্ত্রাসী ফিরোজ পোদ্দারকে (৩৮) এবং একই উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী এলাকা থেকে ওই এলাকার ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানাকে (৪০) আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল অভিযুক্ত দুই জনকে সঙ্গে নিয়ে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তরপাড়া বাবু বাজার এলাকার খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ব্রিটিশ বুলডগ ৯ মিলিমিটারের একটি পিস্তল, তিনটি চাপাতি, বিভিন্ন মাদকদ্রব্যসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, আটককৃতরা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। এই গ্রুপের প্রধান আটক ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ প্রায় ৮টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা বাসাটি ভাড়া নিয়ে সেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


