দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (বিজয়নগর-আশুগঞ্জ) আসনে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাদা–দাদির কবর জিয়ারতের মাধ্যমে এই যাত্রা শুরু করেন।
রুমিন ফারহানার দাদা–দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কবর জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে, তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় যুবদলের সাবেক নেতা আলী হোসেন। রুমিন ফারহানা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক ‘হাঁস’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আসনে বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবকে ঘোষণা করা হয়েছে। তিনি ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জোটের এই সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১৭ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের অধিকারের পক্ষে লড়াই করে আসছেন। তার ভাষ্য, এলাকাবাসীর বড় অংশ জোট প্রার্থী না দেওয়ার দাবি জানালেও সেই দাবি মানা হয়নি। ভোটের মাধ্যমেই মানুষ এর জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রুমিন ফারহানা আরও বলেন, আজ থেকেই তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন। এ জন্য এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, এলাকায় রুমিন ফারহানার সক্রিয়তা থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়ন পাননি। তার স্বতন্ত্র প্রার্থিতা এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি জোট প্রার্থী ঘোষণার পর রুমিন ফারহানা দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বরের মধ্যে তিনি সব প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন