ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) এক সদস্য চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।
এ ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছাকাছি এক গ্রাম পুলিশের বাড়িতে আশ্রয় নেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে বিজিবি সদস্যরা বন্দুক তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। পরে আহত সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য বহনের সময় ধাওয়া করতে গিয়ে একজন চোরাকারবারি পড়ে গিয়ে পা ভেঙে যায়। এ ঘটনায় গ্রামবাসী হামলা চালায়।
তবে বন্দুক প্রস্তুত রাখা হয়েছিল শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, গুলি করার উদ্দেশ্যে নয়। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন