ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন