ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদালত চত্বর থেকে দুই আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামির পলায়নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে পুনরায় আটক করা হলেও অন্যজন এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর থানার মাদক মামলার আসামি সজল মিয়া (২৭) ও শাহিন মিয়া (২৯)-কে গত ৪ মে বিকেলে আয়ুবপুর কানাইনগর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করতে দুই কনস্টেবল—সোহেল ও রয়েল বড়ুয়া—মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে আসেন।

আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায় দুই আসামি। পরে ডিবি ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সজল মিয়াকে আটক করতে সক্ষম হয়।

আসামীরা হলেন—বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিননগর এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে সজল মিয়া (২৭) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৯)। এ ঘটনায় অপর আসামি শাহিন মিয়া এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, কোর্ট চত্বর থেকে দুই আসামির পলায়নের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে, অন্যজনকে আটকে অভিযান চলছে। আসামিরা হ্যান্ডকাফ পরা অবস্থায় ছিল—কিভাবে তা খুলেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।