ফুটবল বিশ্বকাপ মানেই কোটি ভক্তের আবেগ, উচ্ছ্বাস আর প্রিয় দলকে নিয়ে নানা রকম বাজি। কেউ দল জিতলে জার্সি গায়ে পুরো শহর ঘুরে বেড়ানোর প্রতিজ্ঞা করেন, আবার কেউ করেন চুলে ছাঁট দেওয়ার ঘোষণা। তবে ব্রাজিল ভক্ত ঢাকাই শোবিজের পরিচিত মুখ, গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী শিরতাজ জেবিন ফাইনাল ম্যাচ ঘিরে যে ঘোষণাটি দিলেন, তা রীতিমতো নজিরবিহীন!
সাধারণত তারকাদের দল জিতলে নানারকম চমকপ্রদ প্রতিশ্রুতি দিতে দেখা যায়, যেমনটি চলতি বিশ্বকাপেই চিত্রনায়িকা পরীমণি ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। কিন্তু শিরতাজ জেবিন হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। তিনি সাফ জানিয়ে দিলেন, ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা যদি হেরে যায়, তবেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন!
২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ফুটবলপ্রেমীদের কথার লড়াই তুঙ্গে, ঠিক তখনই নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন শিরতাজ। সেখানে তিনি সোজাসুজি লেখেন, ‘আর্জেন্টিনা হারলে বিয়ে করব!’ কোনো লুকোছাপা না রেখে করা এই এক লাইনের পোস্টের পর থেকেই যেন ফেসবুকের ইনবক্স আর কমেন্ট বক্সে ঝড় বয়ে যাচ্ছে।
আর্জেন্টিনা হারার পর শিরতাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘প্রথমে মজা করেই স্ট্যাটাস দিয়েছিলাম কিন্তু এখন সিরিয়াস ভাবে বিয়ের কথা ভাবছি। শিগগিরই পারিবারিক ভাবে বিয়ে করব।’ এর বাইরে আর তথ্য দিতে অনাগ্রহ জানান এই অভিনেত্রী। বর্তমানে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন। ফিরেই নতুন কাজে অংশ নেবেন বলে জানান।
এ প্রজন্মের অভিনেত্রী শিরতাজ জেবিন ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে ‘নাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ান। গেল কোরবানির ঈদে ‘মায়া পাখি’ নাটকে তিনি ‘সুমাইয়া’ চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন। শুরু থেকেই বেছে বেছে অভিনয় করছেন শিরতাজ।

