ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে কোরবানির বাজার কাঁপাবে ২৫ মণের ‘টাইগার’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ২৫ মণ ওজনের বিশাল আকৃতির একটি গরু। ‘টাইগার’ নামের এই ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

গরুটির মালিক প্রান্তিক খামারি মরম আলী মিয়া ও তার ছেলে মামুন জানান, প্রায় চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা রাসায়নিক ব্যবহার ছাড়াই নিয়মিত সবুজ ঘাস, ভুট্টা ভাঙা ও ভুসি খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন এর পেছনে প্রায় ৮০০ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তারা।

খামারি পরিবারটির দাবি, গরুটির বিশাল আকৃতি, স্বাস্থ্য ও সৌন্দর্যের কারণেই এর নাম রাখা হয়েছে ‘টাইগার’। ইতোমধ্যে গরুটি দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে আসছেন।

মরম আলী মিয়া বলেন, ‘চার বছরের পরিশ্রমের ফল এই গরু। কোরবানির হাটে ভালো দাম পাবো বলে আশা করছি। আগ্রহী ক্রেতারা চাইলে হাটে ওঠানোর আগেই বাড়িতে এসে গরুটি দেখতে ও কিনতে পারবেন।’

স্থানীয়দের ধারণা, এবারের কোরবানির বাজারে ‘টাইগার’ হতে পারে অন্যতম আকর্ষণ ও বড় চমক।