ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত খাটিংগা গ্রামের মৃত আলমগীর মিয়ার ছেলে মো. রনি মিয়া (১৮)।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি তার হাত ধরে টানাটানি করছিলেন অভিযুক্ত রনি। এ সময় বিষয়টি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুল আলমের নজরে এলে তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। পরে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।

চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. সামছুল হক জানান, শিক্ষার্থীদের তৎপরতায় অভিযুক্তকে আটক করার পর বিষয়টি আউলিয়া বাজার পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ইউএনওকে অবগত করা হয়। তবে অভিযুক্তের পরিবারের কেউ বিদ্যালয়ে আসেননি।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার রূপালী বাংলাদেশকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ইভটিজিং বা নারীদের প্রতি হয়রানি বরদাশত করা হবে না। অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।