ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সূত্রপাত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এক ফুটবল ম্যাচে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির মাধ্যমে। এর জেরে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ইউএনও জানান, বর্তমানে এলাকাজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, সংঘর্ষে অনেকে আহত হয়েছেন এবং এলাকার পরিস্থিতি শান্ত রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন