রাজশাহীর পরিকল্পিত নগরায়ণ, আবাসন উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান পদে বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জনসম্পৃক্ততার কারণে নগরবাসীর একাংশ মনে করছেন, তার নেতৃত্বে আরডিএ’র সেবামূলক কার্যক্রমে গতি আসবে এবং দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের খবর প্রকাশের পর থেকেই রাজশাহী নগরীজুড়ে রাজনৈতিক অঙ্গন, সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি নতুন চেয়ারম্যানের কাছে নগরবাসীর প্রত্যাশার কথাও উঠে আসছে।
রাজশাহীর দ্রুত সম্প্রসারিত নগর ব্যবস্থাপনায় আরডিএ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আবাসন প্রকল্প বাস্তবায়ন, প্লট বরাদ্দ, ভবন নির্মাণের অনুমোদন, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংস্থাটি। ফলে চেয়ারম্যান পদে নতুন নেতৃত্ব আসাকে ঘিরে নগরবাসীর প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেড়েছে।
নগরবাসীর অনেকে মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগর সম্প্রসারণের কারণে আবাসন, যানবাহন চলাচল, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধা নিয়ে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর ও দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন রয়েছে।
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা সুমন আলী বলেন, সুইট ভাই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। আমরা আশা করি, তিনি আরডিএ’র সেবার মান উন্নয়নের পাশাপাশি নাগরিক ভোগান্তি কমাতে বাস্তবমুখী পদক্ষেপ নেবেন।
আরেক বাসিন্দা নয়ন ইসলাম বলেন, রাজশাহী শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন ও আবাসন ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। নতুন চেয়ারম্যান এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।
নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, রাজশাহীবাসীর আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আবাসনসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ, নাগরিক সেবার মান উন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং পরিকল্পিত নগর উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।
রাজনৈতিক জীবনে আবুল কালাম আজাদ সুইট দীর্ঘদিন ধরে রাজশাহীর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলের নেতাকর্মীদের কাছে সুপরিচিত একজন সংগঠক।
নগর উন্নয়ন ও নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে তার আগমনকে কেন্দ্র করে এখন রাজশাহীবাসীর প্রধান প্রত্যাশা—পরিকল্পিত নগরায়ণ, সুশাসন ও জনবান্ধব সেবা নিশ্চিত করা। আগামী দিনগুলোতে নতুন চেয়ারম্যান সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ দিতে পারেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজশাহীর নগরবাসী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন