ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩৩ এএম
ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে ৪ নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে। ঘটনাস্থল থেকে হতাহত যাত্রীদের পরে ঢাকার সদরঘাটে আনা হয়।

সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৌদ্ধ জানিয়েছেন, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত এক যাত্রী ঢাকা নেওয়ার পথে মারা যান। তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

বাবু লাল বৌদ্ধ আরও বলেন, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। সেই সময় নদীতে ঘন কুয়াশা ছিল। তখন ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষ ঘটে।

ঘটনার পর জাকির সম্রাট-৩-এর যাত্রীদের অন্য একটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ ব্যবহার করে ঢাকায় পাঠানো হয়। পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।