দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও জামায়াতে ইসলামী প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিজ্ঞ আদালতে এ আদেশ দেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সবুজ হাসান।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের দুই প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Lion Md Harunur Rashid’-এ গত ৬ জানুয়ারি ছবি ও হাতি প্রতীক সংবলিত একটি পোস্টে ‘হারুন ভাইয়ের সালাম নিন, হাতি মার্কায় ভোট দিন’ লেখা যুক্ত করে পোস্ট করা হয়।
একইভাবে জামায়াতে ইসলামী প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক পেজ ‘Billal Hossain Miaji’-তে গত ৭ জানুয়ারি ছবি ও প্রতীক সংবলিত ‘১২ তারিখ সারাদিন দাঁড়িয়ে থাকুন’ লেখা যুক্ত করে পোস্ট করা হয়। এ ছাড়াও বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গাড়ির ফেসবুক পেজ থেকেও নিয়মিত এ ধরনের নির্বাচনি প্রচারণামূলক পোস্ট করা হচ্ছিল, যা চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।
এগুলো জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন এবং বিধি ২৭ অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ-এর ৩০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
আগামী ১৯ জানুয়ারি উভয় প্রার্থীকে ব্যক্তিগতভাবে অথবা তাদের যথাযথ প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।



