চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের খুরশীদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ খালের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহত খুরশীদা বেগম সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আয়নাতলী ফেরুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তার কোন সন্তান নেই এবং স্বামীর সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, খুরশীদা বেগম বিবাহবিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। প্রায় ৫ বছর আগে থেকে তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। পরিবার তাকে নিয়মিত চিকিৎসা করতেন, তবে তিনি মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে খাবারের পরে বাড়ি থেকে বের হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকলেও তিনি ঘরে ফেরেননি। পরে খালে মরদেহ ভাসতে দেখে পরিবার বিষয়টি শনাক্ত করে।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, মরদেহের কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন