ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে ৩৫ কোরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হিফজ সম্পন্ন করা ৩৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে অবস্থিত মাহমুদুল হক ইসলামীয়া দাখিল মাদ্রাসার অঙ্গপ্রতিষ্ঠান হাসিনা আক্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে হাফেজদের অভিভাবকদের মধ্যে ছিল আনন্দ ও আবেগের ছাপ। সন্তানের মাথায় পাগড়ি পরার দৃশ্য দেখে অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও হাসিনা আক্তার হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আলী হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলী হুসাইন বলেন, একজন কোরআনে হাফেজ শুধু নিজের জন্য নয়, পুরো পরিবার ও সমাজের জন্য আল্লাহর রহমত ও বরকতের উৎস। হাফেজরা আল্লাহর বাণীর বাহক। তাঁদের যেমন বিশেষ মর্যাদা রয়েছে, তেমনি তাঁদের মা–বাবাও পান অনন্য সম্মান। তিনি নবীন হাফেজদের দেশ-বিদেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে পরিবার ও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাগড়ি প্রাপ্ত হাফেজ সাফায়েতের মা রিনা আক্তার বলেন, সন্তানের জন্মের আগেই নিয়ত করেছিলাম তাকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলব। শুরুতে অনেক কষ্ট ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আজ সন্তানের মাথায় পাগড়ি দেখে মনে হচ্ছে, আল্লাহ তায়ালা আমাকে তাঁর বড় একটি নেয়ামত দান করেছেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম খলিল মাসুদ, হাফেজ তারেক, মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।