ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবদল নেতা কামাল হত্যা মামলায় একজনের রিমান্ড

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৯:৪০ পিএম
নিহত মো. কামাল উদ্দিন।

মিরসরাই উপজেলার যুবদলের সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দিন হত্যা মামলায় এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ মার্চ) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামি ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। গত ১২ মার্চ তাকে ঘটনাস্থল থেকে আটক করে পরদিন ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ২৪ মার্চ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং একই দিন রিমান্ড আবেদন করা হলে আজ শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ চট্টগ্রামের মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রাম ট্রাকের চাপায় কামাল উদ্দিনের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই পরিবার এটিকে পরিকল্পিত হত্যা দাবি করে আসছে। এ ঘটনায় নিহতের ছেলে আরাফাত মুন্না বাদী হয়ে ১৪ মার্চ জোরারগঞ্জ থানা-এ ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।