চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ঢুকে এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত এবং অফিসের সরঞ্জাম ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয় নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছিলেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সাজ্জাদ হোসেন হৃদয় এলজিইডির উপসহকারী প্রকৌশলী আতা উল্লাহর কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি অফিসের হিসাবরক্ষক শয়ন বড়ুয়ার ব্যক্তিগত ফোন নম্বর চান। নম্বর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে তিনি উত্তেজিত হয়ে অফিসে থাকা একটি প্রিন্টার আছড়ে ভেঙে ফেলেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অন্য কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তার সঙ্গে এমন আচরণ দুঃখজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মঙ্গলবার বিকেলে উভয় পক্ষকে ডেকেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, এলজিইডি অফিসে একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পরিচিত এক কর্মকর্তার নম্বর চাইলে উপসহকারী প্রকৌশলী আতা উল্লাহ আমার সঙ্গে ‘অপেশাদার আচরণ’ করেন। এ নিয়ে কেবল কথাকাটাকাটি হয়েছে।
ভাঙচুরের অভিযোগটি তিনি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

