চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। তিনি সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগদান করেছেন।
বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণের পর বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শওকত আলী। পরে লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
সভায় তিনি ন্যায়নিষ্ঠা, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।
হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেছেন তিনি।
সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে কর্মরত ছিলেন।



