চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় এক জুলাইযোদ্ধার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।
হামলার শিকার মোহাম্মদ তামিম (তামিম মির্জা) চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা।
তামিমের ছোট চাচা দিদারুল আলম জানান, জুলাই আন্দোলনে তামিম সম্মুখসারীতে ছিলেন। বিকেলে নতুন ব্রিজ এলাকায় মুখোশধারীদের হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তামিম হামলার বর্ণনা দেন। তিনি বলেন, আমাকে মেরে ফেললেও আমি আমার পথ থেকে একচুল নড়ব না। হামলার পেছনে ছাত্রদল বা ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় তরুণদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা হামলার নিন্দা জানিয়ে নতুন ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলা শাখার নেতারাও ঘটনার নিন্দা জানিয়েছেন।

