ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে ৫ ইসলামি ব্যাংকের শাখায় তালা দিয়ে আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একীভূত হওয়া পাঁচটি ইসলামি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। 

সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েক শ মানুষ মিছিল নিয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

তালা দেওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিলও করেন।

আমানতকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে তাদের জমাকৃত টাকা তুলতে পারছেন না। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেও টাকা উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে বলা হচ্ছে, ২০২৮ সালের আগে টাকা উত্তোলন করা যাবে না।

তারা আরও অভিযোগ করেন, ‘হেয়ার কাট’ নামে একটি পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না। এ কারণেই তারা আন্দোলনে নেমেছেন।

সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম বলেন, তাদের প্রধান দাবি হলো ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিল করা এবং স্বাভাবিকভাবে লেনদেনের সুযোগ দেওয়া। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলেও জানান তিনি।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।