ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চট্টগ্রামে নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছিল এবং শরীর কিছুটা ফুলে গিয়েছিল।

কোতোয়ালি থানার এসআই রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসার দরজা খুলে ঘরের ফ্লোরে শোয়া অবস্থায় পলি চৌধুরীর মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

জানা গেছে, গত শনিবার থেকে পলি চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার বাসার দরজা বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পান তারা।

পলির বোন জানান, ফোনে যোগাযোগ না হওয়ায় তারা বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন, আর মা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।