দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় ও পশু কোরবানি দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।
হানাফী মাযহাবের নিখুঁত অনুসরণে, সৌদি আরবে পবিত্র হজ্ব পালন তথা ‘ইয়াওমুল আরাফাহ’ বা হজ্ব দিবসের ঠিক পরের দিনই মির্জাখীলের অনুসারীরা এই উৎসব পালন করছেন।
বুধবার (২৭ মে) সকাল ১০ টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এবারের প্রধান জামাতে ইমামতি করেছেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
জানা যায়, সাতকানিয়া উপজেলার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনা এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার শতাধিক গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করছেন।
এছাড়াও বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানের বহু গ্রাম এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা— যেমন ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল ও ভোলার অসংখ্য মুরিদ ও অনুসারী একই দিনে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগ করে ঈদ উদযাপন করছেন।
ঈদ উদযাপনের ধর্মীয় ও বৈজ্ঞানিক ভিত্তি ব্যাখ্যা করে মির্জাখীল দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাযহাবের বিশুদ্ধ অনুসারী হিসেবে বিগত দ্বিশতাধিক বছর ধরে পবিত্র হজ্ব দিবসের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের নিখুঁত অবস্থান এবং হজের খবর সরাসরি নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল- হুযাইফি কর্তৃক প্রদত্ত হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর, দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ আজ বুধবার ঈদের নামাজ আদায় করেছেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কোরবানি সম্পন্ন করা হয়েছে।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


