চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চেম্বারের নেতারা।
শুক্রবার (২৯ মে) বিকেলে চট্টগ্রামের মেহেদিবাগে মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, চট্টগ্রাম কাস্টমসের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ওভারব্রিজ, ওয়েব্রিজ, বন্দরসেবা এবং ট্যারিফসহ নানা বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম চেম্বারের নেতারা সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিগত সহায়তার কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে ভ্যাট আদায়ের প্রস্তাবও তুলে ধরেন।
চেম্বারের পরিচালকরা অর্থমন্ত্রীকে জানান, আমদানিকারক ও রপ্তানিকারকদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম কাস্টমসে আন্তর্জাতিক মানের একটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে চট্টগ্রাম চেম্বার নিজস্ব অর্থায়নে একটি স্ক্যানার মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দেয়।
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য অনুদান হিসেবে এক একর জমি প্রদান করেন। পরবর্তীতে তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ জন্য চেম্বারের নেতৃবৃন্দ আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী চেম্বার পরিচালকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়া তিনি আবুধাবি-দুবাইয়ের আদলে বে-টার্মিনালে তিনটি টার্মিনাল নির্মাণ এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে কীভাবে আরও অংশগ্রহণমূলক ও কার্যকর করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

