বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে যত সার কারখানা আছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্যকোনো সার কারখানা আমরা সারাবছর চালাতে পারিনা, এবং বিভিন্ন সময় গ্যাসের জন্য সমস্যার সৃষ্টি হয়। আর গ্যাসের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হলো বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় হলো শিল্প কল-কারখানা এবং তৃতীয় হলো সার কারখানা।
এসময় তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ হয়ে গেছে, এবং কারখানার যে স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিলো, তারচেয়ে উৎপাদন অনেক কমে গেছে। কারখানাটিতে গ্যাস বেশি নেয় তার বিনিময়ে উৎপাদন কম হয়। এজন্য এই সার কারখানায় সার্বক্ষনিক গ্যাস দেয়ার একটি সিদ্ধান্ত হয়েছে আমাদের। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে তারজন্য কি কি পরিবর্তন আনতে হবে সেবিষয়ে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।
সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিদর্শনে মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন।
এসময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানা উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে দুপুর ১টা ১০মিনিটে মন্ত্রী চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

