ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ফটিকছড়িতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর আঁধারমানিক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

আজ দুপুরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পুটন মোল্লকে আটক করা হয়। আটক পুটন মোল্ল ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মোল্লের ছেলে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।