ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লুটপাট, থানায় লিখিত অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাশের জুদারপাড়া গ্রামের বাসিন্দা জরিপ আলীর ছেলে রবিউল হোসেন (২৯)-এর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশসহ এলাকার কয়েকজন মাছ ধরতে সাগরে গেলে ওই সুযোগে অভিযুক্ত রবিউল হোসেন ঘরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূ পূজা দাশকে (১৯) ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, একপর্যায়ে গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘরে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশ জানান, সকালে মাছ ধরা শেষে বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের ভাষ্য, একই রাতে অভিযুক্ত ব্যক্তি আরও দুটি পরিবারের ঘরে ঢুকে নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া রবিউল ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও স্থানীয়দের মধ্যে রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী পূজা দাশ, তার স্বামী বিপ্লব দাশ এবং পরিবারের সদস্য অমল দাশ ও শান্তি রাণী দাশ সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।