ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

প্রেস ক্লাব ফেডারেশন গঠনে জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের ঐকমত্য

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি প্রেস ক্লাব ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সদস্য শাহনাজ বেগম পলি এবং মোহাম্মদ মোমিন হোসেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

সভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে দেশের গণমাধ্যম ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা সহজ হবে।

তারা আরও বলেন, জুলাইয়ের চেতনার কারণেই আজ সাংবাদিক সমাজ একসঙ্গে বসে যৌথ সভা করতে পারছে। তাই সেই চেতনার প্রতি অবিচল থেকে পেশাগত মর্যাদা রক্ষা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ঐক্য বজায় রাখতে হবে। সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখারও আহ্বান জানান তারা।

যৌথ সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, দেশের প্রেস ক্লাবগুলোকে নিয়ে যৌথ কনভেনশন আয়োজন, সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনসহ বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ ও ওয়াহিদ জামানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।