ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইজিবাইক ও দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার বন্দেখালী গ্রামের গরু ব্যবসায়ী নায়েবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কে একটি ইজিবাইকের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বন্দেখালী গ্রামের পরিবেশ। অকাল এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

