ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাদুর্গত ১,৫০০ পরিবারের পাশে রিজভী ও মীর হেলাল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (১৪ জুলাই) তারা আনোয়ারা উপজেলার তৈলারদিপ বাজার সংলগ্ন এলাকা, বাঁশখালী উপজেলার ইলিশা এবং সাতকানিয়ার পাঠানের পুল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় নৌকাযোগে কেউচিয়াসহ মারাত্মকভাবে প্লাবিত ও জলমগ্ন এলাকাগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে নেতৃদ্বয় জলবন্দী ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। বন্যাদুর্গত এসব অঞ্চলের চরমভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সরকার বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং দুর্গত মানুষের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে কোনো ধরনের বৈষম্য ছাড়া সুষম ত্রাণ বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনাও প্রদান করেন।

মানবিক এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ত্রাণ বিতরণ ও দুর্গত মানুষের সহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।